ফতুল্লায় যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
ফতুল্লায় যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলা প্রতিনিধি ও ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকসহ সন্ত্রাসী ও মাদককারবারিদের হাতে নির্যাতিত ভুক্তভোগী স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিকরা মাদককারবারি মাসুম ও তার সহযোগীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থ হলে আরও কঠোরভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে।
ভুক্তভোগী সাংবাদিক আলামিন প্রধান জানান, মাসুমের মাদকের আস্তানা থেকে রাসেল নামে এক যুবক পুলিশকে একটি চোরাই ইজিবাইক উদ্ধারে সহায়তা করেন। এর জেরে রাস্তা থেকে ওই যুবককে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম ও তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দেয়।
আলামিন প্রধান আরও জানান, গত শনিবার (১৪ নভেম্বর) সকালে তার বাসার সামনে রামদা ও চাপাতি হাতে মাসুম ও তার সহযোগী ফরহাদ ডাকাডাকি করেন এবং কুপিয়ে হত্যার হুমকি দেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে একটি পরিত্যক্ত জমিতে ঘর তুলে সেখানে প্রকাশ্যে মাদকের কারবার ও জুয়ার আসর পরিচালনা করেন মাসুম। একই সঙ্গে সাধারণ লোকজনকে ধরে নিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে ব্ল্যাকমেইলিং করেন। এসব অপরাধের প্রতিবাদ করায় একাধিক ব্যক্তিকে মাসুম ও তার সহযোগী ফরহাদ ছুরিকাঘাত ও মারধর করে হাত-পা ভেঙে দিয়েছেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ মাসুমকে একাধিকবার গ্রেফতার করলেও কয়েক দিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে তিনি ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াম মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাংবাদিক নূর ইসলাম নূরু, পিয়ার চাঁন, জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন, শরিফ সুমন, ফরিদ আহমেদ বাঁধন, কবিরুল ইসলাম, আজমীর ইসলাম, মুন্না, সেলিম হোসাইন, সোহেল, ডিয়েল, মাসুদ আলী, রফিকুল্লাহ রিপন, সোনিয়া দেওয়ান প্রীতি, সুমি আক্তার, মনি ইসলাম, সোহেল রানা ও সুমন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মাসুমের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আগে থেকেই চেষ্টা চলছে। একই সঙ্গে তার সহযোগীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
