পানিতে ভাসছিল সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। অভিযানের সময় মাদককারবারিরা এসব ইয়াবা পানিতে ফেলে নৌকা নিয়ে দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে নদীতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে টেকনাফের নাজিরপাড়াসংলগ্ন নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা নৌকা নিয়ে দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে আভিযানিক দল নদীতে ভাসমান অবস্থায় পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করে। সেগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
