পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি মিনি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় দুটি বন্যহাতির দেখা মিলেছে। দেখা যায়- স্ত্রী হাতির পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আর সেটিকে আগলে রেখেছে সঙ্গী পুরুষ হাতি; সেটির চোখ দিয়ে পানি ঝড়তে দেখা যায়।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। এদের মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী হাতি রয়েছে, তবে স্ত্রী হাতিটি ডান পায়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাহাড় থেকে দুটি হাতি নেমে এসে খেলার মাঠে অবস্থান নিলে শিলখালী বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসে হাতি দুটিকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন এবং স্ত্রী হাতিটির ডান পায়ে আঘাতের চিহ্ন শনাক্ত করেন। পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের প্রাণিচিকিৎসককে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) চিকিৎসক দল এসে হাতিটির চিকিৎসা শুরু করবে বলে জানা গেছে।
জাহাজপুরা এলাকার বাসিন্দা মো. শফিক জানান, অসুস্থ স্ত্রী হাতিটির পাশেই অবস্থান করছে পুরুষ হাতিটি। চলাফেরার সময় পুরুষ হাতিটি বারবার স্ত্রী হাতিটিকে এগিয়ে যেতে সহযোগিতা করছে এবং তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে দেখা গেছে। পায়ের তীব্র যন্ত্রণায় স্ত্রী হাতিটি ঠিকমতো মাটিতে পা ফেলতে পারছে না। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ও তার দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত বা আক্রমণ না করেন, সেই বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
