Logo
Logo
×
   

রাজধানী

ছাদে বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

ছাদে বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে চার বছরের ভাতিজিকে নিয়ে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে উঠেছিলেন ১৮ বছর বয়সী মো. রিয়াজ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছরের ভাতিজি অন্তরাও আহত হয়েছে। বর্তমানে অন্তরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফুট এলাকার ৬২/২ বউবাজারের একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা তার ভায়রা মো. সুমন জানান, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ আকাশে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বউবাজারের ওই ভবনের ছাদে থাকা রিয়াজ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সুমন আরও জানান, রিয়াজ তার চার বছরের ভাতিজি অন্তরাকে নিয়ে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে উঠেছিল। ছাদের ঠিক নিচের একটি কক্ষে তিনি থাকতেন। বৃষ্টির মধ্যে রিয়াজ ও অন্তরাকে ছাদে উঠতে দেখে তিনি তাদের বৃষ্টিতে না ভেজার এবং ছাদে না ওঠার জন্য নিষেধ করেছিলেন।

তিনি বলেন, হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের পর একই ভবনের ছাদের পেছনে থাকা এক ভাড়াটিয়া জোরে চিৎকার করেন। তার চিৎকার শুনে বিষয়টি বুঝতে পেরে তারা ছাদে গিয়ে রিয়াজ ও অন্তরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করা হয়। রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্তরাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

স্বজনরা জানান, রিয়াজ আগে হাজারীবাগে একটি জুতা ও লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন। মাঝখানে কিছুদিন কাজ ছেড়ে গ্রামের বাড়ি চলে যান। সেখানে বেশ কিছুদিন থাকার পর প্রায় এক মাস আগে আবার আগের কাজ করার জন্য ঢাকায় ফিরে আসেন।

নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার চর রমণী গ্রামে। বর্তমানে তিনি হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. ইউসুফ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম