রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান
Advertisement
পুরান ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশজুড়ে ডেঙ্গু মশা নিধন এবং নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-৬ আসনের আওতাধীন সুত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ড এবং কোতোয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ডে এডিস মশার প্রজনন রোধ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
সোমবার (৫ অক্টোবর) পুরান ঢাকার সুত্রাপুর ও কোতোয়ালী এলাকার বিভিন্ন সড়ক ও গলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। এটি কেবল সরকারি কোনো নিয়মিত কর্মসূচি নয়, বরং প্রতিটি নাগরিকের সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করার একটি সামাজিক আন্দোলন। শুধু প্রশাসনিক উদ্যোগে মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দাদের সচেতন ভূমিকা রাখা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সড়ক, ড্রেন ও উন্মুক্ত স্থানের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি প্রত্যেকে যেন নিজ নিজ বাসাবাড়ির চারপাশ, ছাদ, ফুলের টব ও গ্যারেজে পানি জমতে না দেন- সেদিকে খেয়াল রাখতে হবে। জমা পানিই এডিস মশার মূল বংশবিস্তারের কেন্দ্র। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসের এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়াসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সরাসরি অংশ নেন। নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ঝাড়ু দেওয়া, ড্রেনের বর্জ্য অপসারণ ও মশার প্রজনন হতে পারে এমন সম্ভাব্য স্থানে ওষুধ প্রয়োগসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারে সহায়তা করেন।
