যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দা ম্যান্ডি বুড (বামে)। ছবি: এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশার কামড়ে ছড়ানো ওয়েস্ট নাইল ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। চলতি বছর ভাইরাসটি ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এক দশকের বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে ভাইরাসটির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না ম্যান্ডি বুড। তিনি বলেন, আমি পৃথিবীতে বেঁচে আছি, এটাই আনন্দের।
গত কয়েক মাসে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করছে। মশার বংশবিস্তারের জন্য এসব পরিস্থিতি অনুকূল।
বুড সেপ্টেম্বরে এই ভাইরাসে আক্রান্ত হন। প্রথমে তার নিতম্বে ব্যথা শুরু হয়, যা তিনি সায়াটিকা বলে মনে করেছিলেন। পরে পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি মাটিতে পড়ে যান।
লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তার জ্বর বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট হয়। চিকিৎসকরা তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন।
হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার ফাঁকে আবার দাঁড়াতে শেখার চেষ্টা করছেন বুড। তিনি বলেন, ‘এটা ভীতিকর।’
বুড জানান, জীবনের বেশির ভাগ সময় তিনি ফ্লোরিডায় কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই রাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এবং মশার উপদ্রব সাধারণ ঘটনা। সেখানে বসবাস করেও তিনি কখনো ভাবেননি পশ্চিম উপকূলে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হবেন।
তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এমন রোগে আক্রান্ত হব, তা ভাবিনি।’
ওয়েস্ট নাইল ভাইরাস কী?
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম উগান্ডায় শনাক্ত হয়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাস ছড়ায়।
ভাইরাসটি সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি। এর কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা দেয় না। কারও কারও ক্ষেত্রে সামান্য ফ্লুর মতো অসুস্থতা দেখা দিতে পারে।
তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় ১ শতাংশ সংক্রমণে ওয়েস্ট নাইল ভাইরাস প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ ঘটাতে পারে। এর ফলে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির সমস্যা এবং পক্ষাঘাতের মতো স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের সেন্টার ফর ট্রপিক্যাল রিসার্চের জীববিজ্ঞানী রায়ান হ্যারিগান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তার বাড়ছে এবং এর ভৌগোলিক পরিসর সম্প্রসারিত হচ্ছে।
তিনি বলেন, ‘জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যেসব রোগকে ঐতিহাসিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের রোগ বলে মনে করা হতো, সেগুলো উত্তর দিকে ছড়িয়ে পড়ছে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপেও একই ঘটনা দেখা যাচ্ছে। নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে ওয়েস্ট নাইল ভাইরাস উত্তর দিকে ছড়িয়ে পড়ছে।’
এ বছর ইউরোপের ২০টি দেশে ওয়েস্ট নাইল ভাইরাসের ২ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে, যা রেকর্ড। ইতালি, গ্রিস ও ফ্রান্সে সংক্রমণ সবচেয়ে বেশি। দেশগুলোতে ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়িয়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।
এদিকে ক্যালিফোর্নিয়ায় বসন্তে রেকর্ড তাপপ্রবাহ দেখা দেয়। এল নিনো প্রভাবে গ্রীষ্ম ছিল অত্যন্ত গরম। মৌসুমের তুলনায় উষ্ণ শরৎকালে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ও আঘাত হানে।
এসব পরিস্থিতি মশার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করে।
হ্যারিগান বলেন, ‘বসন্ত থেকে শুরু করে শীতকাল পর্যন্ত মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এতে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ চক্র দীর্ঘায়িত হচ্ছে।’

-6b09510790672.jpg)