ওপেক ছাড়তে ২ দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
ট্রাম্প প্রশাসন ওপেক ছাড়তে বলেছিল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছাড়তে ভেনেজুয়েলা ও ইরাককে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি ভেনেজুয়েলাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বার্ষিক সদস্য ফি পরিশোধে বাধাও দিয়েছিল।
বিষয়টি সম্পর্কে অবগত এমন ১০টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরুর দিকে নেওয়া এসব পদক্ষেপের কথা আগে প্রকাশ্যে আসেনি। ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে দুটি দেশকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ জোটটির বিরুদ্ধে ওয়াশিংটনের সরাসরি অবস্থানের বিরল দৃষ্টান্ত। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ওপেক কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে রাখে।
সূত্রগুলোর দাবি, ভেনেজুয়েলা ও ইরাকে তেল উৎপাদন এবং বিনিয়োগ বাড়াতে চাচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ওপেকের উৎপাদনসীমা ভবিষ্যতে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে উদ্বেগ ছিল মার্কিন কর্মকর্তাদের।
ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ এতটাই বেড়েছিল যে, চলতি গ্রীষ্মে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হস্তক্ষেপ করেন। তার মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে আর চাপ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি।
অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জায়েদি চলতি গ্রীষ্মে এক সরকারি বৈঠকে ওপেক ছাড়ার সম্ভাবনা তোলেন। এর আগে মার্কিন কর্মকর্তারা তাকে এ বিষয়ে উৎসাহিত করেছিলেন বলে সূত্রগুলোর দাবি। তবে ইরাকের তেল মন্ত্রণালয় প্রস্তাবটির বিরোধিতা করে। তারা ওপেকে থেকেই উৎপাদন কোটা বাড়ানোর চেষ্টা করার পরামর্শ দেয়।
ভেনেজুয়েলা ও ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। গত জানুয়ারিতে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিলে প্রবেশাধিকার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, ইরাকের তেল বিক্রির আয় এখনো নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে জমা হয়। ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় চালু হওয়া সেই ব্যবস্থা এখনো বহাল রয়েছে।
ভেনেজুয়েলার ওপেক সদস্য ফি পরিশোধে যুক্তরাষ্ট্র বাধা দিয়েছিল কিনা, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি কোনো উত্তর দেয়নি। তবে দেশটির রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ রয়েছে বলে স্বীকার করেছে দপ্তরটি।
ইরাকের সঙ্গে আলোচনায় ওপেক ছাড়ার বিষয়টি তোলা হয়নি বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের ভাষ্য, আলোচনার মূল বিষয় ছিল জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং তেল উৎপাদন ও পরিবহন সক্ষমতা বাড়ানো।
এ বিষয়ে ওপেক এবং ভেনেজুয়েলা, ইরাক ও সৌদি আরব সরকারের প্রতিনিধিরা রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

