‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার এই হঠাৎ ভোলবদল বা কূটনৈতিক অবস্থান পরিবর্তনে বেশ বিপাকে পড়েছে নয়াদিল্লি। পুরোনো মিত্র হিসেবে পরিচিত ভারতকে দূরে ঠেলে মস্কো এখন ইসলামাবাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এখানেই থেমে থাকেনি রুশ প্রশাসন; পাকিস্তানের প্রতিরক্ষা খাতে স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে সহায়তা করার বিষয়টিও খোলাখুলি জানিয়ে দিয়েছে ক্রেমলিন। এই ঘটনাপ্রবাহে অভিজ্ঞ কূটনীতিকদের কড়া সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চলতি বছরের ২৫ নভেম্বর রুশ-পাক সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মস্কোর সংবাদসংস্থা ‘তাস’।
তাদের দাবি, আগামী দিনে ইসলামাবাদের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবীর রিমোট সেন্সিং, মহাকাশচারীর অন্তরীক্ষে যাত্রা এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ভাগ করে নেবে ক্রেমলিন।
রাশিয়া ও পাকিস্তানের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতি এবং রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ এ বিষয়ে ইতোমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
তার বক্তব্য অনুযায়ী, মহাকাশ খাতে রাশিয়া একটি প্রধান শক্তি এবং মহাকাশ গবেষণায় তাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এ খাতে পাকিস্তানের সঙ্গে কাজ বাড়াতে মস্কোর কোনো আপত্তি নেই।
সম্প্রতি, মস্কোয় অনুষ্ঠিত হয় রুশ-পাকিস্তান আন্তঃসরকারি কমিশনের একাদশতম বৈঠক। সেখানে যোগ দেন সের্গেই সিভিলিওভ। ছিলেন, পাকিস্তানের একাধিক পদস্থ আধিকারিক ও মন্ত্রীরা। দু পক্ষের আলোচনা শেষে ইসলামাবাদের সঙ্গে মহাকাশভিত্তিক সহযোগিতার বিষয়টি ঘোষণা করেন পুতিনের মন্ত্রী। তবে, এই নিয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
কৃত্রিম উপগ্রহের সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর কক্ষপথে তাদের পাঠানো উপগ্রহের সংখ্যা ৩৭২। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএসের মতোই মস্কোর রয়েছে নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা, নাম ‘গ্লোনাস’। পাশাপাশি, ‘গুপ্তচর’ সামরিক উপগ্রহও ব্যবহার করে থাকে ক্রেমলিন। শত্রুর উপর নজরদারিতে এগুলি সিদ্ধহস্ত।
সামরিক বিশ্লেষকদের কথায়, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে তিন ধরনের উপগ্রহভিত্তিক সহযোগিতা পেতে পারে পাকিস্তান। এর মধ্যে প্রথমেই বলতে হবে ‘গ্লোনাস’-এর কথা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে দিকনির্ণয়ে সাহায্য করে মস্কোর এ ব্যবস্থা। এটি হাতে পেলে ভারতের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করতে ইসলামাবাদের যে সুবিধা হবে, সে কথা বলাই বাহুল্য।
দ্বিতীয়ত, বর্তমানে চীনের সাহায্যে একের পর এক উপগ্রহ অন্তরীক্ষে পাঠাচ্ছে পাকিস্তান। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সেগুলির নাম ‘আর্থ অবজারভেটরি স্যাটেলাইট’ অর্থাৎ নজরদারি উপগ্রহ। সাবেক সেনাকর্তাদের আশঙ্কা, রাশিয়ার থেকে প্রযুক্তিগত সহযোগিতা পেলে আগামী দিনে অত্যাধুনিক উপগ্রহ বানাতে পারে ইসলামাবাদ। তখন সহজেই দিল্লির ‘হাঁড়ির খবর’ হস্তগত হবে তাদের।
এ ছাড়া, সরাসরি ‘গুপ্তচর’ উপগ্রহের পাঠানো তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করতে পারে রাশিয়া। এটাও ভারতের জন্য বেশ উদ্বেগের। বর্তমানে এ দেশের উপর উপগ্রহভিত্তিক নজরদারি চালিয়ে থাকে চীন। বহু বার সেই তথ্য ইসলামাবাদকে সরবরাহ করতে দেখা গিয়েছে তাদের। উদাহরণ হিসাবে, গত বছরের (২০২৫ সাল) ‘অপারেশন সিঁদুর’-এর কথা বলা যেতে পারে।
