দুই জায়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিহত দুই নারী রাধিকা কুমারী (২০) ও মিনি প্রিয়া (২৮)। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় দুই ভাইয়ের বিরুদ্ধে নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভাইসহ তাদের মা-বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির
নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। অভিযুক্ত দুই ভাই শিবশঙ্কর সাহু ও নবীন সাহু।
পুলিশের দাবি, নিহত ওই দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়েই তাদের হত্যা করেন দুই ভাই।
সোমবার স্ত্রীদের হত্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে লাশ প্রতিবেশী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে যান তারা। পরে সেখানে লাশ দুটি মাটিচাপা দেওয়া হয়।
গুমলা জেলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও হত্যাকাণ্ডের দুই দিন আগে তাদের মধ্যে মীমাংসা হয়েছিল।
তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে জানান, তাদের স্ত্রীরা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার কথা স্বীকার করেন।’
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করা হয়। মাটি খুঁড়ে লাশ বের করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। তখন সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল।
হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মা সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে তাদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।


