Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আসন্ন নির্বাচনে তাদের জোট ক্ষমতায় এলে উপমুখ্যমন্ত্রী হিসেবে একজন মুসলিমকে নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন - অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আজাদ সমাজ পার্টির (এএসপি) নেতা চন্দ্রশেখর আজাদ। লখনউয়ের এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার সময় এই দুই নেতা এই প্রতিশ্রুতি দেন।

সমাবেশে চন্দ্রশেখর আজাদ আরও প্রতিশ্রুতি দেন যে, অনগ্রসর শ্রেণি (ব্যাকওয়ার্ড ক্লাসেস) থেকেও আরও একজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করা হবে। বিজেপি সমর্থকদের একাংশের পক্ষ থেকে সামগ্রিকভাবে মুসলিমদের বোঝাতে ব্যবহৃত 'আব্দুল' নামটি উল্লেখ করে আজাদ সমাবেশে ঘোষণা করেন, 'আব্দুল' আর শুধু সভায় মাদুর বিছাবে না। 'আব্দুল' এবার উপমুখ্যমন্ত্রী হয়ে আমার পাশে বসবে। 

এ সময় তিনি ওয়াইসির দীর্ঘদিনের অভিযোগের সুর ধরে বলেন, তথাকথিত "ধর্মনিরপেক্ষ" দলগুলো মুসলিমদের কেবল ভোটব্যাংক হিসেবেই ব্যবহার করেছে। অন্যদিকে, ওয়াইসি বরাবরের মতোই সমাজবাদী পার্টির (সপা) নেতৃত্বকে নিশানা করে অভিযোগ করেন যে, দলটি জাতপাতের রাজনীতি করছে এবং মুসলিম সম্প্রদায়ের যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না করেই তাদের ভোট চাইছে।

উল্লেখ্য, আজাদ সমাজ পার্টি ইতোমধ্যেই চন্দ্রশেখর আজাদকে এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছে। এই জোট মূলত মুসলিম স্বার্থ রক্ষায় সচেষ্ট একটি দল এবং দলিত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে চাওয়া অপর একটি দলকে একত্রিত করেছে। ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন বিরোধী জোটের বাইরে তারা একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে।

তবে উত্তরপ্রদেশ বিধানসভায় এখন পর্যন্ত এই দুই দলের কোনোটিরই কোনো আসন নেই। ২০২২ সালের নির্বাচনে এআইএমআইএম ৯০টিরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ০.৫ শতাংশেরও কম ভোট পেয়েছিল। আর এএসপি ১০০টির বেশি আসনে প্রার্থী দিয়ে পেয়েছিল মাত্র ০.১৩ শতাংশ ভোট। সে সময় গোরখপুর শহর আসন থেকে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ে চন্দ্রশেখর আজাদ ৮ হাজারেরও কম ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন। তবে এর দুই বছর পর তিনি নাগিনা লোকসভা আসনে জয়লাভ করেন, যা তার দলকে প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি এনে দেয়।

তা সত্ত্বেও, এই দুই নেতা উত্তরপ্রদেশের বৃহত্তর নির্বাচনী সমীকরণের ওপর বাজি ধরছেন। রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ মুসলিম এবং তফসিলি জাতি (রাজনৈতিক পরিভাষায় দলিত হিসেবে পরিচিত) প্রায় ২১ শতাংশ।

এদিকে, ওয়াইসির আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া সমাজবাদী পার্টি এই জোটকে 'বিজেপির বি-টিম' বলে উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার সপা প্রধান অখিলেশ যাদবের প্রস্তাবিত অযোধ্যা সফর নিয়ে ফের আক্রমণ শানান ওয়াইসি। মুসলিমদের সপা-র দ্বারা বিভ্রান্ত না হওয়ার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যে স্থানে মুসলিমরা ৪০০ বছর ধরে নামাজ পড়েছেন, তিনি সেখানে হিন্দুত্ববাদের বার্তা নিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, সপা নেতা আজম খানও ওয়াইসির কড়া সমালোচনা করে উত্তরপ্রদেশের মুসলিমদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন। খান বলেন, নিজের রাজ্যে যার মাত্র চারটি আসন রয়েছে, সে এখানে ৪০০ আসনে লড়ার স্বপ্ন দেখছে। আমি তাকে মুসলিমদের বোকা বানাতে দেব না। মুসলিম ভোট ভাগ করার জন্য ওয়াইসি বিজেপির হয়ে কাজ করছেন বলেও তিনি অভিযোগ করেন।

লখনউয়ের ওই সমাবেশে ওয়াইসি বিজেপি এবং আরএসএস-কেও তীব্র আক্রমণ করেন। ড. বি. আর. আম্বেদকরের কথা স্মরণ করে তিনি বলেন, সংবিধান স্বাধীনতা, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সাম্যের নিশ্চয়তা দিয়েছে, অথচ আরএসএস ও সংঘ পরিবার এই নীতিগুলোর বিরুদ্ধে কাজ করছে। 

বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, বুলডোজার বা এনকাউন্টারের মাধ্যমে ন্যায়বিচার আসবে না। ন্যায়বিচার আসবে বাবাসাহেব আম্বেদকরের সংবিধানের মাধ্যমে। তখন রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

আরও পড়ুন

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম