জ্বালানি তেলের দাম বেড়েছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পর তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৬৬ সেন্টে পৌঁছায়। সপ্তাহের শুরুর দিকে দাম ৯০ ডলারের নিচে নেমে গেলেও পরে আবার ঊর্ধ্বমুখী হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলারে লেনদেন হচ্ছিল। আগের দুই কার্যদিবসে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
এরআগে, বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।
এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের পাশে অবস্থিত এই স্থাপনায় হামলার খবর মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
এ পরিস্থিতিতে সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টাও এখন পর্যন্ত সফল হয়নি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না। আর তার প্রভাব পড়েছে তেলের দামে।

