নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
বিমান প্রতিরক্ষা মহড়ার সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করছেন ইরানের সেনাসদস্যরা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নতুন করে কোনো সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে অত্যাধুনিক ও নতুন প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, যেকোনো হামলা মোকাবিলায় ইরান এখন আগের চেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে প্রস্তুত।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাইয়ারি জানান, গত দুই বছরের সংঘাত থেকে ইরান উপলব্ধি করেছে, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এ কারণে দেশটি নতুন প্রযুক্তির বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে।
তার দাবি, এসব নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র এসব ব্যবস্থার কার্যকারিতা ও সক্ষমতা সরাসরি দেখতে পাবে।’
এদিকে, আরেক ইরানি সংবাদসংস্থা মেহরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছর সংঘাত শুরুর পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের ৭৮টি ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের গত আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোন তৈরি করতে সর্বোচ্চ ৫ কোটি ডলার পর্যন্ত ব্যয় হয়।
ইরানের সামরিক কর্মকর্তার এ বক্তব্যের মধ্য দিয়ে নতুন করে সংঘাত শুরু হলে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ব্যবহারের প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।


