পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ব্যানারের পাশ দিয়ে যাচ্ছেন দুই মোটরসাইকেল আরোহী। ছবি: এপি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতির পথ কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগ তুলে শত্রুরা দেশটির বৈজ্ঞানিক উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন এসলামি।
তিনি জানান, কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। উন্নত প্রযুক্তিতে ইরানের অগ্রযাত্রার অংশ হিসেবে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসলামি বলেন, উন্নত প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ এবং বৈজ্ঞানিক সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি দেশের শক্তি ও কর্তৃত্ব বাড়ে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি শত্রুদের আপত্তির কারণও এটি। তারা চায় না, এসব সক্ষমতা ইরানি জনগণের হাতে পৌঁছাক।
তিনি বলেন, স্বাধীন দেশগুলোর উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্ব শক্তিগুলোর। এ ক্ষেত্রে ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হওয়া আইনসহ দেশটির বিভিন্ন আইন ও নীতির কথা উল্লেখ করেন তিনি।
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের চিঠি ও অবস্থানের প্রসঙ্গ টেনে এসলামি বলেন, দীর্ঘদিন ধরেই ইরানকে এ খাতে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা চলছে। অথচ পারমাণবিক প্রযুক্তি মানবজাতির গুরুত্বপূর্ণ অর্জন। আন্তর্জাতিক সুস্পষ্ট নিয়ম ও বিধিবিধান মেনে এটি ব্যবহার করা উচিত।
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে কয়েকটি শক্তিধর দেশের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, প্রতিপক্ষের কাছে তথ্য-প্রমাণভিত্তিক যুক্তি না থাকলে তারা বিভিন্ন অভিযোগ ও ঘটনা সাজিয়ে দেশের অগ্রগতি থামানোর চেষ্টা করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, এমন অভিযোগও এর অংশ।
এসলামি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পক্ষের প্রকাশ করা তথ্য এবং নথিপত্র থেকে এসব প্রচারণার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। ইরানের অগ্রগতি ঠেকাতেই এসব প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, ইরানের অগ্রযাত্রা জ্ঞান, গবেষণা, সক্ষমতা ও বৈজ্ঞানিক কর্তৃত্বের ওপর ভিত্তি করে এগিয়ে চলছে।
তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি বৈজ্ঞানিক কর্তৃত্ব ও জাতীয় সম্পদ সৃষ্টির প্রতীক। এ ক্ষেত্রে ইরানের পরমাণু শক্তি সংস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো গবেষণার ফলাফলকে দ্রুত পণ্য ও সেবায় রূপান্তর করা। ফলাফলভিত্তিক গবেষণার মাধ্যমে জ্ঞানকে অল্প সময়ের মধ্যে পণ্য ও সেবায় পরিণত করা সম্ভব।
কৃষিতে বিকিরণ প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে এসলামি বলেন, দেশের কৃষিপণ্যের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমানো গুরুত্বপূর্ণ বিষয়। দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো গেলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির পথও তৈরি হবে। সূত্র: মেহের

