ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে বেহজাতাবাদ প্রকল্প। ছবি: ভ্যান্টর টেকনোলজিস
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুতগতিতে নির্মাণকাজ চলছে। স্যাটেলাইট চিত্রে দেশটির বেহজাতাবাদ এলাকার এই স্থাপনার নির্মাণ অগ্রগতির চিত্র উঠে এসেছে। তবে এর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। গবেষকরা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে এর সম্ভাব্য যোগসূত্রও উড়িয়ে দিচ্ছেন না।
বুধবার (২৫ নভেম্বর) ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্টর টেকনোলজিসের নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির দ্রুত নির্মাণকাজের প্রমাণ পাওয়া গেছে।
পাহাড়ের ভেতরে নির্মিত এই স্থাপনাটি ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছের পিক্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ইসফাহান পারমাণবিক স্থাপনা থেকে এর দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার।
ইনস্টিটিউটটির তথ্য অনুযায়ী, ইরান দেশজুড়ে এ ধরনের একাধিক স্থাপনা নির্মাণ করেছে। তবে বেহজাতাবাদ স্থাপনাটি নির্মাণের অস্বাভাবিক দ্রুতগতির কারণে আলাদাভাবে নজরে এসেছে।
মঙ্গলবার ভ্যান্টর সরবরাহ করা সর্বশেষ স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোর অবস্থান এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি দেখা গেছে।
ইনস্টিটিউটটি জানিয়েছে, স্থাপনাটির উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে সঠিক মূল্যায়নে পৌঁছাতে আরও তথ্য প্রয়োজন।
তবে স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের ধরন ও গতি এবং ইরানের অতীত নির্মাণপদ্ধতি বিবেচনায় এটি কয়েক ধরনের সামরিক কাজে ব্যবহৃত হতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বড় অস্ত্রব্যবস্থা-সংশ্লিষ্ট কার্যক্রমও থাকতে পারে। তবে এর পারমাণবিক উদ্দেশ্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক্সে দেওয়া এক পোস্টে ইনস্টিটিউটটি বলেছে, ইরান সম্প্রতি স্থাপনাটির বাইরের সীমানায় নিরাপত্তাবেষ্টনী স্থাপনের কাজ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে স্থাপনাটির বাইরের নিরাপত্তা এলাকার সম্ভাব্য সীমানা নির্ধারণ করা গেছে। নির্মাণকাজ শেষ হলে পুরো স্থাপনাটি প্রায় ১২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।
ভ্যান্টরের পর্যালোচনা করা সেন্টিনেল-২ স্যাটেলাইট চিত্র অনুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে স্থাপনাটিতে নির্মাণকাজ শুরুর প্রথম লক্ষণ দেখা যায়। তখন ভবিষ্যৎ স্থাপনাটির প্রশাসনিক ও প্রবেশপথের জন্য নির্ধারিত এলাকায় ভূমি পরিষ্কারের কাজ শুরু হয়েছিল।
পরবর্তী স্যাটেলাইট চিত্রে ২০২৬ সালের জানুয়ারিতে আরও নির্মাণকাজের চিত্র দেখা যায়। এপ্রিলে সেখানে খননকাজ শুরুর লক্ষণ পাওয়া যায়।
জুনের মধ্যে ভূগর্ভস্থ স্থাপনাটির আরও কয়েকটি এলাকায় নির্মাণকাজের পরিধি বাড়তে দেখা যায়। সূত্র: জেরুজালেম পোস্ট

