যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
তেলবাহী ট্যাংকার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
শুক্রবার (২৭ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। তবে আমাদের বাহিনী জাহাজ দুটিতে উঠে পড়ে। এ সময় জাহাজের নাবিকরা ঘুমিয়ে ছিলেন। পরে আমরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হই।’
শাহরাম ইরানি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
তবে কখন ট্যাংকার দুটি চুরি করা হয়েছিল এবং কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, তা স্পষ্ট নয়। ইরানের এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

