নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
চলতি মাসে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে প্রটোকল ভেঙে আলিঙ্গন করে তাকে স্বাগত জানান শি।
|
ফলো করুন |
|
|---|---|
চীনের সঙ্গে অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে বিশ্ববাণিজ্যে নিজেদের আধিপত্য আরও সুসংহত করতে নতুন শুল্কনীতির পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র চীনের অর্থনৈতিক সক্ষমতা চাপে রাখতে দেশটির পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের ওপরও কঠোর অবস্থান নিচ্ছে ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসনের নতুন এই উদ্যোগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক বিরোধ নতুন করে উসকে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পদক্ষেপ ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার কাঠামোর মধ্যেই রয়েছে। তবে প্রয়োজনে আরও শুল্ক আরোপের পথ খোলা রেখেছে ট্রাম্প প্রশাসন।
বিশ্লেষকদের মতে, আগামী মাসে মায়ামিতে দুই দেশের নেতাদের মধ্যে অনুষ্ঠেয় চতুর্থ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন শুল্কনীতির বিশেষ তাৎপর্য রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। এর সঙ্গে যুক্ত হবে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক। দুই দেশের মধ্যে হওয়া সাময়িক সমঝোতায় এ সীমা নির্ধারণ করা হয়েছিল। সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের হাতে নতুন পদক্ষেপগুলো চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে। তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসনের আগের প্রচেষ্টারই প্রতিফলন। এর মাধ্যমে অন্য দেশগুলোকে চীনের বিরুদ্ধে বাণিজ্যিক সুরক্ষা জোরদার এবং দেশটির ওপর নির্ভরতা কমাতে উৎসাহিত করা হচ্ছে।
নতুন শুল্ক আরোপের আগে আট মাস ধরে বিশ্বজুড়ে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার বিষয়টি পর্যালোচনা করা হয়। চীনের পাশাপাশি বাণিজ্য চুক্তি রয়েছে অথবা যাদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে, এমন দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। ভিয়েতনাম নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে চীনের প্রসঙ্গ ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নবিষয়ক প্রতিবেদনে ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কি আবার সংঘাতের দিকে?
২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওই সময় প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও চীনই সবচেয়ে শক্তভাবে পাল্টা জবাব দিয়েছিল। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে পৌঁছেছিল। পাশাপাশি বিরল খনিজ পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ি ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন বৈশ্বিক খাতকে চাপে ফেলে বেইজিং।
পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। চলতি মাসে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে প্রটোকল ভেঙে আলিঙ্গন করে তাকে স্বাগত জানান শি। এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব ঘটনাকে দুই দেশের বাণিজ্যিক সমঝোতা কার্যকর থাকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে শুল্ক বাড়ানোর সুযোগ থাকলেও এর মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র। সম্প্রতি কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অন্যতম প্রধান অসন্তোষ হিসেবে উঠে এসেছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চেন বো বলেন, চীন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না, তেমনি ওয়াশিংটনও তা চায় না। উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
চীনের সঙ্গে অন্য দেশগুলোর উত্তেজনা বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক বাড়ালে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি কমে। তবে একই সময়ে অন্য দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বাড়তে পারে। এতে নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ তৈরি হয়।
চীনের দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয় এবং রপ্তানিনির্ভরতা বাড়তে থাকায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য দেশগুলোর জন্য চাপ তৈরি করছে বলে সমালোচকদের অভিযোগ।
ম্যাককুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শেভেটস বলেন, যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ বাণিজ্যনীতির চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা ভবিষ্যতে বাণিজ্য উত্তেজনা বাড়ানোর বড় কারণ হবে। তার মতে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন চীনের বাণিজ্য ভারসাম্যহীনতার সবচেয়ে বেশি চাপের মুখে থাকলেও ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে শুল্ক ও শুল্কবহির্ভূত বাণিজ্যিক বিধিনিষেধ আরও বাড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে কিছু পণ্যে কোটা আরোপে বেইজিংকে রাজি করিয়েছে। ব্রাসেলস আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, চীন সব সময় সব বাণিজ্যিক ক্ষেত্রে নিজের অবস্থান ধরে রাখতে পারে না। অংশীদার দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে আরও ছাড় দিতে হতে পারে। ফলে ট্রাম্পের নতুন শুল্কনীতি শুধু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কেই নয়, পুরো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় নতুন মেরুকরণ তৈরি করতে পারে।
সূত্র: রয়টার্স


