হাজারীবাগে অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), রমনা ট্রাফিক বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা যুগান্তরকে জানান, রাজধানীজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে ডিপিডিসি, পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে হাজারীবাগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অটোরিকশা গ্যারেজের জন্য বিদ্যুৎ নীতিমালা অনুযায়ী আলাদা মিটারের ব্যবস্থা থাকলেও অভিযানে বাণিজ্যিক লাইসেন্সের মাধ্যমে পরিচালিত গ্যারেজ পাওয়া গেছে। এসব গ্যারেজে অটোরিকশা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহারের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আইন অনুযায়ী শুধু বাণিজ্যিক লাইসেন্স দিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, অনেক গ্যারেজ মালিক বৈধ ট্রেড লাইসেন্স থাকার দাবি করলেও সেগুলো বাণিজ্যিক লাইসেন্স। বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে অনেক গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি অভিযানে বাধা সৃষ্টি করেছেন। অভিযানকালে অবৈধ মিটার, বৈদ্যুতিক তার ও চার্জিং পয়েন্টসহ অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।
মোসাদ্দেকা বলেন, গ্যারেজ মালিকদের প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার কোনো সামারি ট্রায়াল করা হয়নি, তাই জরিমানাও করা হয়নি। তবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতে পরিচালিত হবে।
অভিযান চলাকালে ডিপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, হাজারীবাগ থানা পুলিশের সদস্য এবং রমনা ট্রাফিক বিভাগের সার্জেন্ট, টিআইসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে ডিপিডিসি, পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে পুরো অভিযান পরিচালিত হয়।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, রাজধানীজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে ডিপিডিসি, পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাজারীবাগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান পরবর্তীতেও চলমান থাকবে।
