রিকশার গদির নিচে ৪ ককটেল, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ২
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
ঢাকেশ্বরী রোডে একটি রিকশার গদির নিচ থেকে চারটি ককটেল উদ্ধার
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর লালবাগ থানার ঢাকেশ্বরী রোডে একটি রিকশার গদির নিচ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ইবনে সিনার পাশের সড়কের এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।
তারা হলেন- নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া নূর হোসেন মাহিন (২২) ও রিকশাচালক মো. ইমন (২৩)।
লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশে খবর দেন। দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শপিং ব্যাগে রাখা ককটেলগুলো উদ্ধার করে। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে উপস্থিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নূর হোসেন মাহিনের বাবার নাম আব্দুল লতিফ। তার বাড়ি কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগরের আট নম্বর গলিতে। তিনি নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অপর আটক ব্যক্তি রিকশাচালক মো. ইমন।
লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি জানান, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশাটি থামিয়ে তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল। ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোই তাদের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।
রাব্বি আরও জানান, ককটেল উদ্ধারের পরপরই লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে। পরে সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
লালবাগ থানার ওসি জামিল হোসেন যুগান্তরকে বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
