লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্টগার্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
অসুস্থ হয়ে পড়া যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে কোস্টগার্ড।
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে কোস্টগার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত লঞ্চে পৌঁছে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কোস্ট গার্ডের বোটে সদরঘাটে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (১৯ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ লঞ্চটি চাঁদপুরের আনন্দবাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ভাই কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে তাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয়। সেখান থেকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

