Logo
Logo
×

Advertisement

রাজধানী

স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

Advertisement

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ, নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং তরুণদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, শুধু কাগজে-কলমে কোটা নির্ধারণ করলেই রাজনীতিতে নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়; এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে আয়োজিত বিভাগীয় ‘পলিসি ক্যাফে’ সংলাপে বক্তারা এসব কথা বলেন। ‘শি স্পিকস: এমপাওয়ারিং ভয়েসেস, শেপিং পলিসি’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা, অধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী এবং তৃণমূল পর্যায়ের তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে বক্তারা বলেন, ভোটার, প্রার্থী ও সিদ্ধান্ত গ্রহণকারী—সব পর্যায়েই নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের আগেই সামাজিক ও কাঠামোগত বাধা দূর করা জরুরি। বিশেষ করে রাজনৈতিক দলের অভ্যন্তরে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানো, নির্বাচনি প্রচারণায় অর্থায়নের প্রতিবন্ধকতা কমানো এবং সামাজিক ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।

তরুণ রাজনীতিক ফারহানা বিনতে জিগার ফারিন বলেন, ‘আমাদের স্থানীয় সিদ্ধান্তগুলো সাধারণত অফিসের মিটিংয়ে হয় না; সিদ্ধান্ত হয় পাশের চায়ের দোকানে, আর নারীরা সেখানে অনুপস্থিত। পাশাপাশি নির্বাচনী প্রচারণার অর্থ জোগাড় করতেও নারীরা অনেক পিছিয়ে আছেন। এই চিত্র বদলাতে রাজনৈতিক দল ও সমাজকে আরও ইতিবাচক হতে হবে।’

তরুণ প্রতিনিধি আবু সাঈদ বলেন, নারীরা রাজনীতিতে এলেও সামাজিক ও সাইবার নিরাপত্তার অভাবে অনেক ক্ষেত্রে টিকে থাকতে পারছেন না। এমনকি কখনো কখনো নিজ দলের ভেতর থেকেও অনিরাপত্তা তৈরি হয়। নারীর জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ওয়েভ ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর কানিজ ফাতিমা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী অংশগ্রহণের বিধানকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না; একে প্রকৃত ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে কার্যকর করতে হবে। এ জন্য তথ্য-উপাত্ত ও স্থানীয় অভিজ্ঞতা তুলে ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করেন তিনি।

সংলাপে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত সাম্প্রতিক একটি জরিপের তথ্য তুলে ধরা হয়। দেশের আটটি বিভাগের ৫ হাজার ৪২৮ নারীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ নারী কখনো স্থানীয় ওয়ার্ড সভা, বাজেট অধিবেশন কিংবা গ্রাম আদালতের শুনানিতে অংশ নিতে পারেননি। অন্যদিকে, ৪০ শতাংশ নারী রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়রানির শিকার হয়েছেন।

তবে জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ নারী সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। আর ৭৪ শতাংশ নারী অন্তর্ভুক্তিমূলক কোটার পক্ষে মত দিয়েছেন। জরিপের এ ফলাফল রাজনীতি ও স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তাদের আগ্রহের চিত্র তুলে ধরে।

জরিপে অংশগ্রহণকারীদের ৬০ দশমিক ১ শতাংশ ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা। তাদের ৮৫ শতাংশের বেশি বয়স ৩৫ বছরের কম এবং ৬৭ শতাংশ শিক্ষার্থী।

আয়োজকেরা জানান, দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত পলিসি ক্যাফে থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় একটি নিবেদিত সংসদীয় ককাস গঠনের লক্ষ্যে ধারাবাহিক নীতিগত প্রচার ও আলোচনা চালানো হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম