বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র ও মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয়েছে। আয়নাঘর, মিথ্যা মামলা এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও নেতাকর্মীদের হত্যাসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সম্পদ লুটপাট ও বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগুন-সন্ত্রাস, পরিবহণ নৈরাজ্য এবং ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন বলেন, বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালক ও সাধারণ যাত্রীদের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া যাবে না। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তিনি।
পরিবহণ খাতের সংস্কার প্রসঙ্গে নাজিম উদ্দীন আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে পরিবহণ খাতকে মাফিয়ামুক্ত ও সুশৃঙ্খল করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান খোন্দকার মো. মোর্তাজুল করিম বলেন, গত ১৭ বছরে সড়ক পরিবহণ খাতে দুর্নীতি, লুটপাট ও বিশৃঙ্খলা বেড়েছে। ফিটনেসবিহীন, ভাঙাচোরা এবং সিট ও গ্লাসবিহীন বাস চলাচল, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের ঘাটতি এবং চালক-সহকারীদের নিয়োগপত্র ও নির্ধারিত বেতন না থাকা সড়কে নৈরাজ্যের অন্যতম কারণ।
পরিবহণ খাত আধুনিকায়নের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, চালক ও সহকারীদের নির্ধারিত বেতন, পরিচয়পত্র ও নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের ব্যবস্থা করার পাশাপাশি কিউআর কোড প্রযুক্তি ব্যবহার করে গাড়ির ফিটনেস যাচাইয়ের ব্যবস্থা চালু করা গেলে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা সম্ভব হবে। জাতীয়তাবাদী আদর্শের শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ রেখে পরিবহণ খাতের অনিয়ম ও নৈরাজ্য দূর করার আহ্বান জানিয়ে তিনি শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন।
এ সময় বক্তারা অবিলম্বে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং চালক-সহকারীদের নির্ধারিত বেতন ও প্রশিক্ষণ নিশ্চিত করে পরিবহন খাতকে সম্পূর্ণ মাফিয়ামুক্ত করার দাবি জানান।
সড়ক পরিবহণ খাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অনুসারীদের দখলদারিত্ব, চাঁদাবাজি এবং সিন্ডিকেট এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিক নেতারা। গত ১৭ বছরে এ খাতে গড়ে ওঠা অনিয়ম ও নৈরাজ্যের প্রভাব এখনো বিদ্যমান রয়েছে বলে জানান তারা।
