জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জেন্ডার বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা বা স্টেরিওটাইপ মোকাবিলা করে সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাঁচজন কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার।
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে এ পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সমতায় তারুণ্য: ইউথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ পুরস্কার দেওয়া হয়েছে। ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
পুরস্কারের জাতীয় পর্যায়ের ইনফ্লুয়েন্সার বিভাগে নির্বাচিত হয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী। অনুপ্রেরণামূলক কনটেন্ট নির্মাতা বিভাগে পুরস্কার পেয়েছেন মো. মেহেদী হাসান নূর। উদীয়মান কনটেন্ট নির্মাতা বিভাগের পুরুষ ও নারী শাখায় পুরস্কার পেয়েছেন যথাক্রমে হাসিবুল ইসলাম বাপ্পী ও আপুসি চৌধুরী। এ ছাড়া বিচারকমণ্ডলীর বিশেষ স্বীকৃতি পেয়েছেন তারগিভ সানান রোহাম।
আয়োজকেরা জানান, বিজয়ী নির্বাচনে শুধু অনুসারীর সংখ্যা বিবেচনা করা হয়নি। কনটেন্টের মান এবং জেন্ডার সমতার সঙ্গে এর প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের বাইরের বিচারকদের নিয়ে গঠিত জুরি বোর্ড কনটেন্টের গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ ও অন্তর্ভুক্তির বিষয়গুলো মূল্যায়ন করেছে। পাশাপাশি ক্ষতিকর সামাজিক রীতিনীতিকে কনটেন্টের মাধ্যমে কতটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
উদীয়মান কনটেন্ট নির্মাতা বিভাগে শুধু প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাওয়া নির্মাতারাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ২৪৬ জন তরুণ কনটেন্ট নির্মাতাকে জেন্ডার সমতা, নৈতিক গল্প বলা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।
প্রধান অতিথির বক্তব্যে রওনক জাহান বলেন, ‘ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায়ই দেখতে পাই জেন্ডার স্টেরিওটাইপ, আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য, যা নারীর অগ্রযাত্রার পথকে রুদ্ধ করে এবং গোটা সমাজকেই পিছিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘এই আয়োজন কেবল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি একটি আন্দোলনের সূচনা: বৈষম্যহীন, সমতামূলক এবং জেন্ডার সংবেদনশীল সমাজ গড়ার আন্দোলন।’ সমতাভিত্তিক সমাজ গঠনে নিমকো জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল বলেন, ‘জেন্ডার সংবেদনশীল কনটেন্ট তৈরি মানে শুধু ক্ষতি এড়ানো নয়। এর মানে প্রশ্ন করা, এই আলোচনায় কাদের কণ্ঠ অনুপস্থিত।’
তিনি আরও বলেন, ‘সত্যিকারের পরিবর্তন আনতে সবচেয়ে বড় প্ল্যাটফর্মের দরকার নেই। দরকার একটি সৎ গল্প, দায়িত্ববোধ এবং নিজের কণ্ঠকে ভালো কাজে ব্যবহারের ইচ্ছা।’
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ। তিনি জানান, গত তিন বছরে প্রকল্পটি দেশের আট বিভাগের ৬৪ জেলায় তরুণ, যুব নেতৃত্বাধীন সংগঠন ও সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে।
করভি রাকসান্দ বলেন, ‘বাংলাদেশে জেন্ডার সমতা নিয়ে কথা বলা কঠিন, কিন্তু তরুণেরা আমাদের সঙ্গে ছিলেন। হয়তো এই প্রকল্প শেষ হবে, কিন্তু যারা প্রশিক্ষণ পেয়েছেন, যারা ভিন্নভাবে কথা বলতে শিখেছেন, তারা থেকে যাবেন।’
