বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ-বাংলা ব্যাংক
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
'গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম' এবং 'আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম'-এর অধীনে গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ-বাংলা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণ উৎসাহিত করা হবে। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য ক্রেতাদের আকর্ষণ করার মাধ্যমে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করবে এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে। এই স্কিমে মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে; যার অধীনে একজন একক গ্রাহক ৫% সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। আইসিটি খাত পুনঃঅর্থায়ন স্কিমটি উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত আইসিটি খাত ও এর উপ-খাতগুলোর উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। এছাড়াও হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের এ স্কিমের অধীনে অগ্রাধিকার দেওয়া হবে। এই স্কিমেও মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে, যেখানে একজন গ্রাহক ৪% সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
