Logo
Logo
×
   

সারাদেশ

মাইক ভাড়া করে বিদেশ যেতে ইচ্ছুক যুবকের কাণ্ড

ভিডিও ভাইরাল

Icon

কিশোরগঞ্জ ব্যুরো ও হোসেনপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম

মাইক ভাড়া করে বিদেশ যেতে ইচ্ছুক যুবকের কাণ্ড

পাসপোর্ট-ভিসা হলেও কুৎসার কারণে কোথাও ঋণের টাকা না পাওয়ায় বিদেশ যাত্রা ভণ্ডুল হতে চলেছে রাব্বির। তার লেনদেন ভালো না বলে এলাকার কিছু লোকজনের কুৎসা রটানোর কারণে কোথাও ঋণ পাচ্ছেন না তিনি।

আর এমন পরিস্থিতিতে পড়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের যুবক সারোয়ার হোসেন রাব্বি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ৫শ টাকায় মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে মাইকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন।

এ ঘটনার ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ইতোমধ্যেই ভাইরাল হয়ে ওঠেছে।

জানা গেছে, অনেক দিন ধরেই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি; কিন্তু বিদেশযাত্রায় যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল তা তার কাছে নেই। তাই বাধ্য হয়ে বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করেননি। এদিকে তার ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হয়ে যাবে। এমন দুশিন্তায় ক্ষুব্ধ রাব্বি এমন লঙ্কাকাণ্ড ঘটান।

গত শুক্রবার ১৭ অক্টোবর দুপুরে ৫০০ টাকায় মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে মাইকে কুৎসা রটানো এলাকাবাসীকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এমনকি গালাগালের সেই ভিডিও রেকর্ড করে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন রাব্বি। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে এ ঘটনা। 

৩ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে রাব্বি অভিযোগ করেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা জোগাড় করতে না পারায় তিনি যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে লোনের আবেদন করলেও কেউ দেয়নি। উল্টো তার নামে এলাকার মানুষজন খারাপ কথা ছড়িয়েছেন।

রাব্বি দাবি করেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাধা দিয়েছেন। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় তাদের উদ্দেশে গালমন্দ করেছেন। 

অবশ্য এরপর রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রথমে ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি শুনুন।

রাব্বি আরও জানান, তিনি বিবাহিত। তার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। 

ভিডিওতে তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দুবার ভিসা নষ্ট হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের আবেদন করলে সেখানেও ২৫ হাজার টাকা ঘুস চাওয়া হয়েছে, যা তিনি দিতে রাজি হননি। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে রাব্বি অটোরিকশা চালাচ্ছেন এবং পাশাপাশি বিকাশের কাজ করছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী প্রথমে তেমন কিছু বুঝতে পারেননি। পরে তারা ভিডিওটি দেখে কিছুটা অপমানিত বোধ করেছেন এবং বিস্মিত হয়েছেন। 

সচেতন এলাকাবাসী বলছেন, এমন ঘটনা আগে তো কখনো  ঘটেনি। এ ঘটনায় তারা বিস্মিত। এখন মুখে মুখে এমনকি  চায়ের দোকানের আড্ডা-আলোচনায়ও রাব্বির ঘটনাটি ওঠে আসছে। তাদের কেউ কেউ আবার রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .