Logo
Logo
×
   

সারাদেশ

মাহফিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

মাহফিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

চট্টগ্রামের সন্দ্বীপে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন এক বক্তা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে মাহফিলের মাঠে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন এক ইসলামিক বক্তা। ২০ সেকেন্ডের সেই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বিষয়টি নেটিজনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে রোববার অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত সম্মেলনের এক বক্তা এমন স্লোগান দেন। উপস্থিত দর্শকদের একজন সেটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে বসে এক বক্তা দুই হাত ওপরে তুলে স্লোগান ধরেছেন, ‘পাকিস্তান পাকিস্তান’, এরপর সামনে উপস্থিত দর্শকেরা সমস্বরে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ’। বক্তা আবার বলছেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’। সমবেত ব্যক্তিরা তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ।’ এরপর বক্তা স্লোগান ধরেন ‘নারায়ে তাকবির’।

সম্মেলনে উপস্থিত ছিলেন এমন কয়েকজন জানিয়েছেন, মূলত ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা সম্মেলনে অংশ নেন। যখন যে দেশের প্রতিযোগী মঞ্চে এসেছে, সেই দেশের নামে সঞ্চালক স্লোগান ধরেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে এর সত্যতা মেলে। সেখানে দেখা যায়, মিসরের বক্তা মঞ্চে ওঠার পর ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে তাকে স্বাগত জানানো হচ্ছে।

ভাইরাল ভিডিওটির বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদের মোবাইলে ফোন করলেও তিনি তা ধরেননি।

তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সন্দ্বীপের বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’-এর নিন্দা জানাই।মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানিয়ে দিতে চাই, এমন স্লোগান আমরা সহ্য করব না।’

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ভিডিওটি দেখেননি উল্লেখ করে বলেন, ‘ভিডিওর বিষয়টি কেউ আমার নজরেও আনেনি। যদি এমনটি হয়, তা দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .