গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ফাতিমারী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের কোপে মকবুল হোসেন নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। আহত হয়েছেন নারীসহ ৮ জন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ থানা পুলিশ নারীসহ ১৬ জনকে আটক করেছে।
চণ্ডীপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা জানান, ৮ শতক জমি নিয়ে মকবুল হোসেন ও সাহাবুদ্দিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোরে দুপক্ষের মধ্যে প্রথমে ঝগড়া হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের শাহাবুদ্দিন, নাজমুলসহ কয়েকজন মকবুল হোসেনের মাথায় দা দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মকবুল হোসেনের মৃত্যু হয়।
তাদের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে কয়েকজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাত নারীসহ সাহাবুদ্দিন, নাজমুল, রেজাউল, মঞ্জু মিয়া, রাশেদুল ইসলামসহ ১৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গাইবান্ধার এএসপি বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে আহত তিন নারী আসামিকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
