Logo
Logo
×
   

সারাদেশ

রূপগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৪

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

রূপগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সাংগঠনিক কার্যালয়ের ভেতরে রাখা জিয়া পরিবারের ছবি ও আসবাবপত্র।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও চেয়ারম্যানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজানসহ তার লোকজনের সঙ্গে অপর ছাত্রদল নেতা রাকিব হাসানের বিরোধ চলে আসছিল। সাজ্জাদ মাওলা বিন মিজান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির অনুসারী।

অপরদিকে রাকিব হাসান বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর রাজনীতি করেন। সম্প্রতি বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে এ বিরোধ আরও জটিল আকার ধারণ করে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল নেতা রাকিব হাসানের নেতৃত্বে ৩৫-৪০ জনের একদল সশস্ত্র অবস্থায় ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি ও সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৮নং ওয়ার্ড ছাত্রদল দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে ছাত্রদল নেতা মাসুদুর রহমানও উপস্থিত ছিলেন। রাতেই প্রতিপক্ষ রাকিব হাসান ও তার লোকজন ওই কার্যালয়ে এসে কাজী মনিরুজ্জামান মনিরের ছবি নামিয়ে রাখা এবং কার্যালয় খালি করে দেওয়ার জন্য বলে আসে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাকিব হাসান, শাহাবুদ্দিন, নজরুল, মোশারফ, বাবু, আরিফ বকুলসহ ৩৫-৪০ জনের একদল সন্ত্রাসী পিস্তল ও ধারাল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ৮নং ওয়ার্ডের ছাত্রদলের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ কাজী মনিরুজ্জামান মনিরের ছবি ফেলে দিয়ে ভাঙচুর করে। শুধু তাই নয় ওই কার্যালয়ে থাকা টিভি ও আসবাবপত্রসহ মালামাল ভাঙচুর করে। বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেসহ সাজ্জাদ মাওলা বিন সিয়াম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সায়েম, জুবায়ের শাহরিয়ার নাসিম ও গোলাম মাওলা নয়নকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তিনি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওই কার্যালয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে গ্রামবাসী হামলা করেছে।

ঘটনাস্থলে পরিদর্শন করে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজী মনির সমর্থক ও দিপু ভূঁইয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম