Logo
Logo
×
   

সারাদেশ

প্রবাসীরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে: ডিসি সারওয়ার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম

প্রবাসীরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে: ডিসি সারওয়ার

মো. সারওয়ার আলম। ফাইল ছবি

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই প্রবাসীরা ভালো থাকলে দেশের অর্থনীতিও ভালো থাকবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।

জেলা প্রশাসক বলেন, বিদেশে গিয়ে টেকসইভাবে কাজ পাওয়ার জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে বৈধপথে বিদেশ গমন করলে কাজের সুযোগ যেমন বাড়ে, তেমনি আয়ও বৃদ্ধি পায়।

দালালের মাধ্যমে বিদেশ গমনের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, অবৈধপথে যাওয়ার কারণেই অনেককে আইনি জটিলতা ও হয়রানির মুখে পড়তে হয় এবং শেষপর্যন্ত সর্বস্বান্ত হয়ে দেশে ফিরতে হয়। তাই যথাযথ আইন মেনে বৈধপথে বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে না এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশের স্বার্থে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে যেকোনো অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন।

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ প্রতিপাদ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রবাসী ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক প্রবাসীদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া আগামী ২৩ ডিসেম্বর বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম