কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু
Advertisement
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাব পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দায়ের কোপে গুরুতর আহত দিদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দিদার উপজেলার চৌবেপুর উত্তরপাড়ার বাসিন্দা। তার বাবা আলামিন পেশায় কাঠমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রবাসী ইউনূসের স্ত্রী রুনা আক্তার যৌথ মালিকানাধীন একটি ডাবগাছ থেকে ডাব পাড়ার জন্য প্রতিবেশী কিশোর দিদারকে ডেকে আনেন। দিদার গাছে ওঠার পর রুনা আক্তারের জা মমতাজ, তার স্বামী এরশাদ ও ছেলে ইমতিয়াজ মাহিন (১৯) সেখানে এসে ডাব পাড়তে বাধা দেন।
এ সময় মমতাজ দা নিয়ে রুনা আক্তারকে ধাওয়া করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রুনা আক্তার পালিয়ে গেলেও এরশাদের ছেলে ক্ষুব্ধ হয়ে গাছ থেকে দিদারকে নামিয়ে দা দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত দিদারকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
এ বিষয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) নূর নবী যুগান্তরকে জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মরদেহটি কসবা থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
