Logo
Logo
×
   

সারাদেশ

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

জাতীয় পার্টির (এরশাদ) বহুল আলোচিত সাবেক মহাসচিব এবং বর্তমানে জাতীয় পার্টির একাংশের নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রূপালী ব্যাংকের ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এর আগে শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে রিটার্নিং অফিসার কার্যালয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আসনের মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাতিল প্রার্থীদের মধ্যে বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের মনোনয়নপত্র বাতিলের পেছনে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকার কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া কয়েকজন প্রার্থীর সম্পদের হিসাব, হলফনামায় ত্রুটি ও মামলার তথ্য গোপন ও ঋণখেলাপির কারণ দেখানো হয়।

শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

ওই দিন এসব আসনের ২৯ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র  বাতিল করা হয়। সব মিলিয়ে দুই দিনে ৬১ প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মোট ৩৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম