বোমার বিস্ফোরণ দুজন নিহতের ঘটনায় আটক ৩
ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জাজিরার মুলাই ব্যাপারীকান্দি গ্রামে ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় শুক্রবার গভীর রাতে থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনার পর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।
এদিকে ঘটনার আলামত সংগ্রহে শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন পুলিশের সিআইডির ক্রাইমসিন বিভাগের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তারা বিস্ফোরণে লন্ডভন্ড হওয়া ঘর এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বোমা তৈরির সরঞ্জাম ও আলামত সংগ্রহ করেছেন।
জানা গেছে, ওই গ্রামে নবনির্মিত একটি বসতঘরের মধ্যে বৃহস্পতিবার ভোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সোহান ব্যাপারী নামে এক যুবক নিহত হন। আহত অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন আরও তিনজন। তাদের মধ্যে নবীন হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকালে মারা যান। গুরুতর আহত নয়ন মোল্লাসহ বাকিদের চিকিৎসা চলছে।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মদ জানান, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক ব্যাপরীর ছেলে সাগর ব্যাপারীর। ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছেন।
