পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু
Advertisement
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম
পরিদর্শনকালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নগদ অর্থ ও চাল বিতরণ করেন।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রেখে সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভেদ বা উসকানি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্দির পরিদর্শনকালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নগদ অর্থ ও চাল বিতরণ করেন।
পরে তিনি ডামুড্যা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণের ৫০০টি কিট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী, ডামুড্যা থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

-6ac904f45485f.jpg)