নতুন দায়িত্ব পেলেন মিয়া নুরুদ্দিন অপু
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাশ হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
অপু বহু বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পূর্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের কয়েকদিন আগে প্রচারণা মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা তার উপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এরপর আহত অপু আর তার নির্বাচনি এলাকায় প্রচারণা চালাতে পারেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে শরিয়তপুর-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজাহারুল ইসলাম কে পরাজিত করে নির্বাচিত হন।

