শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু
Advertisement
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
নিহত বরাত মৃধা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরাত মৃধা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার সময় তার হিমোগ্লোবিনের মাত্রা কমে ৪ দশমিক ৮-এ নেমে এসেছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত বরাত মৃধা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মডেরহাট এলাকার বাসিন্দা রুবেল মৃধার ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে বরাতের শরীরে হালকা জ্বর দেখা দেয়। তবে বিষয়টি গুরুত্ব না দিয়ে সাধারণ জ্বর ভেবে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সেবন করেন তিনি। পরে রোববার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডেঙ্গু পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলেও পথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা রয়েছে এমন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই দুপুর ১টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।
নিহতের খালা বলেন, বরাতের চার-পাঁচ দিন ধরে জ্বর ছিল। আমরা সাধারণ জ্বর মনে করে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাইয়েছি। আজ সকালে ওর অবস্থা খারাপ হলে ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাই, সেখানে ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকরা জানান, শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গেছে, ঢাকায় নিতে হবে। পরে ঢাকায় নেওয়ার পথে শ্বাসকষ্ট বেড়ে গেলে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসি। পরে সেখানেই বরাতের মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত আসপিয়া এলিজা বলেন, রোগীকে যখন আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তার হিমোগ্লোবিনের মাত্রা ছিল ৪ দশমিক ৮ এবং তীব্র শ্বাসকষ্ট ছিল। পরে আমরা তাকে আইসিইউ সুবিধা রয়েছে এমন হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। তবে তাকে অন্য হাসপাতালে নিতে দেরি হওয়ায় এখানেই তার মৃত্যু হয়।

