পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ
Advertisement
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মাত্র তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
রোববার দুপুরে উপজেলার চেরাগপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত তাসলিমা ওই গ্রামের নুরুন্নবীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে বগুড়া জেলায় পারিবারিকভাবে তাসলিমার বিয়ে হয়। রোববার দুপুর ১টার দিকে স্বামী সামিরকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। এরপর দুপুর আড়াইটার দিকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান এই দম্পতি। তাসলিমার ছোট ভাই পুকুরের পাড়ে বসে ছিল। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনেই গভীর পানিতে তলিয়ে যান।
এ দৃশ্য দেখে ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পরে তাসলিমাকে মৃত অবস্থায় এবং সামিরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
