Logo
Logo
×

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন

ঝালকাঠি-২ আসনের দুই প্রার্থীকে শোকজ

Icon

‎ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ এএম

ঝালকাঠি-২ আসনের দুই প্রার্থীকে শোকজ

‎‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম নেয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেন পৃথক দুটি নোটিশ জারি করেন।

‎নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সব প্রার্থীকে নিজ নিজ ব্যয়ে ও দায়িত্বে পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সব ধরনের নির্বাচনি প্রচার সামগ্রী ও ক্যাম্প অপসারণের নির্দেশনা দেওয়া হয়।

তবে পরিদর্শন ও প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, নির্ধারিত সময় অতিক্রম হলেও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে উভয় প্রার্থীর নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার এখনও দৃশ্যমান রয়েছে। ‎এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৭-এর উপবিধি (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

‎এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আগামী ১১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‎এ ছাড়া নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর জন্য নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম নিয়ামুল করিম বলেন, তিনি এখনো কোনো নোটিশ হাতে পাননি। কী কারণে নোটিশ দেওয়া হয়েছে, সেটিও তার জানা নেই। নোটিশ হাতে পেলে এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন বলে জানান তিনি।

‎অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মীরা পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন। তারপরও দু-একটি পোস্টার অগোচরে থেকে যেতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে প্রস্তুত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম