Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে ২ ঘণ্টার অভিযানে ৪৫ ককটেল উদ্ধার

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

শরীয়তপুরে ২ ঘণ্টার অভিযানে ৪৫ ককটেল উদ্ধার

শরীয়তপুরে ২ ঘণ্টার অভিযানে ৪৫ ককটেল উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও এতে নিহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। প্রায় সময়ই উপজেলার বিলাসপুর ইউনিয়নে সংঘর্ষকালে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। ওই সময় একটি বাড়ির চাল উড়ে গেছে। ফলে বিলাসপুর এখন ককটেলের ইউনিয়ন হিসেবে পরিচিতি পেয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি ককটেলসদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অংশ নেয়। ২ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বোমা ও দেশীয় অস্ত্রগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিলাসপুর এলাকায় দীর্ঘ প্রায় দুই দশক ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে দুপক্ষের সংঘর্ষে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। গত বৃহস্পতিবার ভোররাতে মুলাই ব্যাপারীকান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় প্রথমে সোহান ব্যাপারী ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নবীন সরদার নামে দুই যুবকের মৃত্যু হয়।

ঘটনার পর শুক্রবার সকালে ঘরটিতে তল্লাশি করে হাতবোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার শেষে ধ্বংস করা হয়।

এদিকে সোমবার ওই এলাকায় ডগ-স্কোয়াড নিয়ে পুনরায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে ৪৫টি ককটেলসদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করার পাশাপাশি সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়। 

বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন বলেন, বিলাসপুরে যৌথবাহিনীর অভিযানে অন্তত ৪৫টি ককটেলসদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম