নিজ কেন্দ্রে ভোট দিলেন কায়সার কামাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ কেন্দ্রে ভোট প্রদান করছেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি কলমাকান্দা উপজেলার নিজ গ্রাম চত্রংপুর ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহু বছর পর ভোট দিতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ২০০৮ সাল থেকে আমি নির্বাচনি মাঠে আছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলাম। আমি আশাবাদী, কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ আমার কাজের মূল্যায়ন করবেন এবং বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন।
সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি।
উল্লেখ্য, নেত্রকোনা-১ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আ. মান্নান (সোহাগ) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের তারা প্রতীকের প্রার্থী মো. বেলাল হোসেন।

