Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

আরও এক মামলা

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

সহিংসতায় গ্রেফতার নেই * ৬ জেলায় অগ্নিসংযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবি সদস্যদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাজশাহীতে বাস ও পটুয়াখালীর কুয়াকাটায় চান্দেরগাড়িতে আগুন দেওয়া হয়েছে। বরিশালের উজিরপুরে ও মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এছাড়া ঢাকার সাভারে বাসে ও নওগাঁর রানীনগরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : বিজিবির করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে ১ নম্বর আসামি এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা (খালেক) বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। এজাহারে অভিযোগ করা হয়, কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে বিজিবির সদস্যরা জখম হন। একই সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয়।

এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৮০২৬ জনকে আসামি করে মামলা করা হয়। দুই মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

রাজশাহী : রাজশাহীতে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে। নগরীর শাহ মখদুম থানার দরগা খানকা শরিফের মোড়ের রাজ্জাকের গ্যারেজে বাসটি রাখা ছিল।

বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঢাকা উত্তর : সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহণের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে কার্যালয়টি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার ভোরে দীঘি ইউনিয়নের মূলজান এলাকায় এ ঘটনা ঘটে।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নে বুধবার রাতে বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার সকালে উপজেলা সদরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা আশরাফ শেখ ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি একই গ্রামের মো. রাব্বী হোসেন।

কুয়াকাটা (পটুয়াখালী) : কুয়াকাটায় বৃহস্পতিবার রাতে সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ী) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম