Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

Advertisement

রাজধানীর ওয়ারীতে গভীর রাতে আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও স্টাফ মো. হাসান (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, আবাসিক হোটেলটির সামনে মুরগির দোকান আছে। এই দোকান থেকে একটি মুরগি বৃহস্পতিবার রাতে হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেল কর্মীদের সঙ্গে মুরগি দোকানের মালিক ও তার ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তার ছেলে পালিয়ে যায়। নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার দুদুখান গ্রামে। তার বাবার নাম মো. গোলাম মোস্তফা। তিনি ওই আবাসিক হোটেলেই থাকতেন।

নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তার সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তারা ক্ষিপ্ত ছিল। আহত রাজ্জাকের নাতি মো. জুবায়ের জানিয়েছেন, হোটেলের পাশে অবস্থানরত মুরগির দোকানের মালিক এনায়েত ও তার ছেলে ইরান কাজী রাতে হোটেলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে রাত ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল, সে বিষয়ে বলতে পারেননি জুবায়ের।

শুক্রবার সরেজমিন দেখা গেছে, হোটেলের যেখানে নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয় সেখানে মেঝের পুরো অংশে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। সিঁড়িতেও রয়েছে রক্ত। হোটেলের কর্মচারীরা রয়েছেন চরম আতঙ্কে।

ওয়ারী থানার ওসি মফিজুর রহমান যুগান্তরকে বলেন, আসামি গ্রেফতারে আমরা কার্যক্রম চালাচ্ছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটা মুরগি হোটেলে ঢুকেছিল। ওইটাকে কেন্দ্র করেই কথা-কাটাকাটি, হাতাহাতি হয় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে। মুরগিটা পরে হোটেলের দারোয়ান নিয়ে দিয়ে দেন মালিককে। এরপরও মুরগির মালিকদের একজন দারোয়ানের কলার ধরে। পরে দারোয়ানকে কেন কলার ধরল হোটেলের লোকজন জিজ্ঞাসাবাদ করতে যায়। এই নিয়েই বিরোধ বাধে। এর জের ধরেই হোটেলের একজন খুন হন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, লাশটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম