শেবাচিমের শিশু ওয়ার্ড
শয্যা ৪৫ রোগী ৮০০
মেঝে, চলাচলের পথ এমনকি টয়লেটের পাশেও চিকিৎসা * এক ওয়ার্ডেই হাম-ডেঙ্গু-নিউমোনিয়া * ঠাসাঠাসিতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি
অনিকেত মাসুদ, বরিশাল
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকুলান না হওয়ায় মেঝেতেও চলছে রোগীর চিকিৎসা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় ৮০০ শিশু। ১৭ গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় সেখানে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ভেতরে জায়গা না থাকায় শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে মেঝেতে শুইয়ে, চলাচলের পথ এমনকি টয়লেটের পাশেও। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বেড়েছে। ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। পাশাপাশি ডেঙ্গু ও হাম আক্রান্ত শিশুদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এমন পরিস্থিতিতে নগরীর আমানতগঞ্জে নবনির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সরজমিনে দেখা যায়, হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু ইউনিট-১-এর অনুমোদিত ১০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১১১ শিশু। শিশু ইউনিট-২-এর ১০ শয্যার বিপরীতে ৪৭ জন এবং ইউনিট-৩-এ পাঁচ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ১৬৭ শিশু। এভাবে পাঁচটি ইউনিট মিলিয়ে প্রতিদিন ৬৫০ থেকে ৮০০ শিশু চিকিৎসা নিচ্ছে।
জায়গার অভাবে অধিকাংশ শিশুকে ওয়ার্ডের মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। ভেতরে ঠাঁই না হওয়ায় অনেককে রাখা হয়েছে ওয়ার্ডের বাইরে চলাচলের পথে। এমনকি টয়লেটের কাছাকাছি মেঝেতেও শিশুদের রেখে চিকিৎসা দিতে দেখা গেছে। হাম, ডেঙ্গু, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত শিশুদের একই পরিবেশে গাদাগাদি করে রাখায় একজনের রোগ অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১০ বছর বয়সি রোগী জান্নাতুলের স্বজন ইয়াসিন বলেন, রোগীর চাপের কারণে ওয়ার্ডের মেঝেতেও জায়গা হয়নি। বাধ্য হয়ে বাইরে চলাচলের পথের পাশে রোগীকে শুইয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এভাবে থাকলে নতুন রোগ সংক্রমিত হতে পারে। এভাবে কোনো হাসপাতাল চলতে পারে না।
চিকিৎসকরা জানান, শীত আসায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। এর সঙ্গে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগী যুক্ত হওয়ায় শিশু বিভাগে চাপ বহুগুণ বেড়েছে। সামনে শীতের তীব্রতা বাড়লে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফয়সাল হাসান ভূঞা বলেন, শিশু বিভাগে বর্তমানে প্রতিদিন প্রায় আটশ রোগী ভর্তি থাকে, যা এ ওয়ার্ডের সেবা দেওয়ার সক্ষমতার ১৭ গুণেরও বেশি। সিনিয়র স্টাফ নার্স পারভিন আক্তার বলেন, অতিরিক্ত রোগীর চাপের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শেবাচিম হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. মাজহারুল রেজওয়ান রেজা বলেন, চিকিৎসক ও নার্সদেরও সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।
১৯৬৮ সালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ৫৮ বছর পরও দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রের শিশু বিভাগে ধারণ ক্ষমতার বহুগুণ রোগীর চাপ সামলাতে হচ্ছে।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, রোগীর চাপ দিন দিন বাড়লেও শেবাচিম হাসপাতালের সক্ষমতা বাড়েনি। নগরীর আমানতগঞ্জে প্রতিষ্ঠিত শিশু হাসপাতালটি দ্রুত চালু করা হলে শিশুদের চিকিৎসাসেবায় চাপ কিছুটা হলেও কমবে।
এ বিষয়ে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, ২০০ শয্যার বিশেষায়িত বরিশাল শিশু হাসপাতালটি দ্রুত চালুর জন্য কাজ চলছে। ইতোমধ্যে হাসপাতালের উপপরিচালকসহ বেশ কয়েকটি পদে পদায়ন করা হয়েছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে হাসপাতালটি চালু করা সম্ভব হবে।
