ঘাটাইলে ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
জানা যায়, ৫ আগস্টের পর ফ্যাসিবাদের পতন হলে একটি মহল সুপরিকল্পিতভাবে স্থানীয় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করে। কর্তৃপক্ষ এতে ইউনিয়ন পরিষদ সেবা ত্বরান্বিত করতে ১৩ ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিল করে প্রতি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।
এতে জেলা প্রশাসক প্রতি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দেন। পরে ওই ইউপি চেয়ারম্যানরা ওই আদেশ বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৪ নভেম্বর দেওয়া আদেশ এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাখার এক স্মারকপত্রের মাধ্যমে ১৩টি ইউনিয়নের প্রশাসক বাতিল করে ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করে তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেওয়া হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক ১৩ জন ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে সত্যতা স্বীকার করে ইউএনও মো. আবু সাঈদ যুগান্তরকে বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক তাদের পুনর্বহাল করা হয়েছে।
