শরীয়তপুরে আ’লীগ কার্যালয় খুলে উধাও কর্মীরা
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা জেলা কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে অবস্থিত দলটির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালং বাজারে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে হাজির হন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পড়া ছিল। তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়টির দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দেয়ালে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর চলে যান তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার এক মিনিটের একটি ভিডিও শরীয়তপুর আওয়ামী লীগ নামের একটি পেজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়- ‘আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।
ভিডিওটিতে দেখা যায়, কিছু লোক আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন। এরপর তারা ছবিগুলো কার্যালয়ের ভেতরে দেয়ালে টাঙিয়ে দেন।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।
