পাংশায় রাতের আঁধারে আ.লীগ কার্যালয়ে ফের ব্যানার, পরে উধাও
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের রাতের আধারে আবার দলীয় ব্যানার ও পোস্টার সাঁটানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ব্যানার ও পোস্টার লাগানো হয়। শুক্রবার সাত সকালে স্থানীয়দের অনেকে ব্যানারটি দেখতে পেলেও কিছুক্ষণ পর ব্যানার ও পোস্টারটি পাওয়া যায়নি।
রাতের আঁধারে দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর ৪৩ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। এতে ব্যানার ও পোস্টারে ‘এই দেশ আমাদের, এই মাটি আমাদের’ লেখা রয়েছে। এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজিব ওয়াজেদ জয় এবং আরেক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। নিচে বড় একজনের ছবিসহ লেখা মো. নজরুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগ।
মো. নজরুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি।
নতুন করে ব্যানার ও পোস্টার টানানোর খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পথচারী সহ উৎসুক জনতাও দেখতে যান। তবে কিছুক্ষণের মধ্যে ব্যানারটি উধাও হয়ে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দলীয় কার্যালয়টি বন্ধ ছিল।
কার্যালয়ের পাশে চা দোকানি আসমত আলী স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার সময় সব স্বাভাবিক ছিল। শুক্রবার সকালে দোকানে এসে এ ব্যানার ঝুলতে দেখেন। রাতের কোনো এক সময় হয়তো কেউ লাগিয়েছে বলে তার ধারণা। কিছুক্ষণ পর পানি আনতে গিয়ে দেখেন ব্যানার নেই।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মাঈনুল ইসলাম যুগান্তরকে বলেন, এ বিষয়টি আমার জানা নেই। সম্ভবত এক সপ্তাহ আগের কোনো ঘটনা। যারা রাতের আধারে ব্যানার টানিয়ে ছবি তুলে আবার নিজেরাই খুলে নিয়ে চলে যায়। ওই ঘটনার পর থেকে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত টহলে থাকেন।
