কম্বল না পেয়ে দুই মেম্বার স্বামী-স্ত্রীর ওপর হামলা
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যালেন ইউনিয়নের সংরক্ষিত এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার তছিরন বেগম ও তার স্বামী সাবেক মেম্বার আবু বকর ফকিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। কম্বল না পেয়ে তাদের ওপর হামলা করা হয় বলে জানা গেছে।
শনিবার বিকালে স্থানীয় লোকমান খাঁ, বিল্লাল খাঁ, সজিব খাঁ, আকমল খাঁ, রফিক শেখ ও নইমদ্দিন গংরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার এলাকায় সংশ্লিষ্ট আসনের এমপির উদ্যোগে কিছু কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
স্বামী-স্ত্রী দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
আবু বকর ফকিরের ভাই মোকলেছ ফকির, ছোট ভাই সাঈদ ফকির ও মহিলা মেম্বার তছিরন জানান, বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ চর এলাকায় যান। এরপর সেখানে কিছু কম্বল বিতরণ করেন। ওই কম্বল বিতরণের স্লিপ না পেয়ে লোকমান খাঁ গংরা ক্ষিপ্ত হয়। এর জেরে দুই দফায় হামলা চালায় মহিলা মেম্বার তছিরন বেগম এবং তার স্বামী আবু বকরের ওপর।
এ ঘটনায় তছিরন বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
