কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউছার (৪০) হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলামকে (তৌহিদ) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাত ২টার দিকে কুমিল্লা ডিবির এসআই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর নূরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর করে।
গ্রেফতার তৌহিদুল ইসলাম (৪২) কুমিল্লা শহরতলীর ছত্রখিল এলাকার খোরশেদ আলমের ছেলে।
এর আগে শুক্রবার দুপুরে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় যুবদল নেতা আবু কাউছারকে কুপিয়ে হত্যা করে তৌহিদুল ও তার সহযোগীরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় আবু কাউছারের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার পরই আসামিদের ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নূরপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি তৌহিদকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, যুবদল নেতা কাউছার হত্যাকাণ্ডের প্রধান ঘাতক তৌহিদুলকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে ডিবির একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রেফতার তৌহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
