রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় সড়ক নির্মাণকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নগরীর ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে মোছাম্মৎ তাছলিমা আক্তার রিতা নামের এক ভুক্তভোগী নারী কোতোয়ালি মডেল থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আবুল কালাম আজাদ (৫৬) কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভাটপাড়া এলাকার কবরস্থান রোড কাউছার স্টিলের গলিসংলগ্ন কাঁচা সড়কটিতে দীর্ঘদিন ধরে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন প্রায় ১৪ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কুসিক কর্তৃপক্ষ ইট, বালু, রড ও সিমেন্ট দিয়ে রাস্তাটির নির্মাণকাজ শুরু করে। তবে আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা এতে বাধা প্রদান করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর ফলে জনগুরুত্বপূর্ণ উন্নয়নকাজটি বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিচার ও দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা আবুল কালাম আজাদ। তার দাবি, এলাকার একটি রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ সামাজিকভাবে তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ দায়ের এবং উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধন করেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
