অতীতে সাংবাদিকদের কণ্ঠ বেঁধে রাখা হয়েছিল: এমপি চাঁদ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেঁধে রাখা হয়েছিল। কখনো স্বাধীনভাবে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারেনি।
বুধবার ( ৪ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের গণমাধ্যমকে গলা চেপে ধরে রেখে তাদের ইচ্ছা অনুযায়ী সাংবাদিকদের চলতে বা লিখতে বাধ্য করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার।
আবু সাইদ চাঁদ বলেন, দেশ এখন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। আমার বা আমার দলের ভুল হলে সেগুলোও তাদের লেখনির মাধ্যমে তুলে ধরা হোক। এতে আমরা সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারব। আমি আপনাদের এলাকার এমপি হিসেবে আপনাদের অভয় দিয়ে জানাতে চাই, আমি ও আমার নেতাকর্মীরা ভুল করলে আপনারা সেটাও তুলে ধরেন। আমি চাই চারঘাট-বাঘায় সবধরনের অন্যায়, অবিচার দূর করে শান্তির নগরী গড়তে।
তিনি বলেন, অবৈধভাবে পুকুর খননে যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক ও অবৈধ পুকুর খননের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করেছি। আর এগুলো বন্ধ করতে আমি সাংবাদিকদের পাশে চাই। আমি এমপি হয়েও যদি কোন ধরনের ভুলভ্রান্তি করি, আপনারা স্বাধীনভাবে সেগুলোও লিখেন। গত কয়েকদিন চারঘাটের সিপাইপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি খুনের ঘটনায় ন্যায়, নিষ্ট ও সততার সঙ্গে সঠিক বিষয়টি সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা ওই এলাকায় যান। এলাকাবাসী, নিহতের পরিবারসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সত্যটা তুলে ধরেন। আমি চাইনা অযথা কোন মানুষ যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
সবশেষে তিনি চারঘাট প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানসহ সার্বিক বিষয়ে সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু প্রমুখ।

