হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় ওষুধ, জিরা ও কসমেটিকস জব্দ
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ, জিরা, কসমেটিকস জব্দ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।
তিনি জানান, জব্দকৃত মালামাল এবং পরিবহণের কাজে ব্যবহৃত গাড়ির আনুমানিক মূল্য ১ কোটি টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায় ৫৫ বিজিবি। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যান থামানো হয়। তখন কাভার্ড ভ্যানটি তল্লাশি করে গাড়িটিতে থাকা কীটনাশক ও সারের বস্তার ভেতরে লুকানো অবস্থায় ভারতীয় বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ ব্যথানাশক, চেতনানাশক ওষুধ এবং রং ফর্সাকারী নিম্নমানের অবৈধ কসমেটিকস পাওয়া যায়।
পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এসব ওষুধ ও কসমেটিকস তাৎক্ষণিক জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে একই স্থানে একটি ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব জিরা জব্দ করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
৫৫ বিজিবি সোমবার দিবাগত রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। এ সময় ট্রাকচালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে পালিয়ে যান। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস জব্দ করে বিজিবি।
