বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার বালিরটেক খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।
বোনকে বাঁচাতে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত নিজের জীবনটাও হারাতে হলো ভাইকে। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ স্বজন ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা ১৭ বছর বয়সি সাবিয়া সকালে কালিগঙ্গা নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় হঠাৎ পানির স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যেতে থাকেন তিনি। বোনের বিপদ দেখে কোনো দ্বিধা না করে তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেন তার চাচাতো ভাই আকাশ (২২)। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সাবিয়াকে বাঁচাতে গিয়ে আকাশ নিজেও পানির গভীরে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ প্রায় আধাঘণ্টা চেষ্টার পর নদী থেকে দুজনকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিয়ার সঙ্গে তার বিয়ের কথাবার্তাও চলছিল। মঙ্গলবারই সাবিয়া ঢাকা থেকে গ্রামে আসে, আনন্দঘন সেই আগমন একদিনের ব্যবধানে রূপ নেয় শোকাবহ বিদায়ে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

